অনলাইন ডেস্ক:
উত্তরপ্রদেশের বারাবকীর রামনগর তহসিল এলাকার মুরানিক মহাদেব ধামে আয়োজিত এক উৎসবে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং-এর উপস্থিতিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। রাত ১০টার পর তিনি মঞ্চে উঠে পারফর্ম শুরু করতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিনেত্রীর নাচ-ভঙ্গিমায় উত্তেজিত হয়ে শত শত দর্শক মঞ্চের দিকে ছুটে আসতে শুরু করেন। তাকে ছোঁয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, ব্যারিকেড ভেঙে ফেলে বহু মানুষ। এমনকি তাকে না পেয়ে কিছু দর্শক চেয়ার ভাঙচুরও করেন।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ব্যারিকেড ভেঙে দর্শকদের মঞ্চের দিকে তেড়ে আসার সেই বিশৃঙ্খল মুহূর্ত। আতঙ্কিত অক্ষরা সিং শেষ পর্যন্ত দ্রুত মঞ্চ ছাড়তে বাধ্য হন। ওই সময় পুরো এলাকা যেন রণক্ষেত্রের চেহারা নেয়।
অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে আয়োজক কমিটির দাবি, দর্শকদের জন্য আলাদা বসার ব্যবস্থা ও চারদিকে ব্যারিকেড বসানো হয়েছিল। তাদের বক্তব্য, প্রত্যাশার দ্বিগুণ দর্শক উপস্থিত হওয়াই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার প্রধান কারণ। পরে প্রশাসনের সহায়তায় অক্ষরা সিংকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।











