আগে নিরস্ত্রীকরণ, পরে শান্তি ‘নেতানিয়াহু’

অনলাইন ডেস্ক :

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবানন সরকারের সাথে আনুষ্ঠানিক আলোচনার ঘোষণা দিলেও হিজবুল্লাহর সাথে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যেতে সাফ মানা করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত লেবানন ফ্রন্টে কোনো যুদ্ধবিরতি হবে না।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার জানিয়েছেন, তারা আগামী মঙ্গলবার থেকে লেবানন সরকারের প্রতিনিধিদের সাথে শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। তবে এই আলোচনায় হিজবুল্লাহর কোনো স্থান নেই। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ একটি “সন্ত্রাসী সংগঠন” এবং তারা শান্তির পথে প্রধান বাধা। এদিকে, গত বুধবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাকে বৈশ্বিক গণমাধ্যমগুলো ‘ব্ল্যাক ওয়েডনেসডে’ হিসেবে অভিহিত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ইসরায়েল আলোচনার টেবিলে বসতে রাজি হলেও, মাটির লড়াই থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানে চলমান আলোচনার সমান্তরালে লেবানন ইস্যুটি এখন একটি জটিল মোড় নিয়েছে