আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক:

পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাসে অর্থ আত্মসাতসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। সেদিনই তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন আবেদন করেন।

এ মামলায় গত ১০ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বাদী আমিরুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে তারা আদালতে হাজির না হওয়ায় পরোয়ানা জারি করা হয়েছিল। গ্রেফতারের তামিল প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী দিন নির্ধারণ করেছে।

মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিনের পরিচয় থাকা বাদীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার অজুহাতে মেহজাবীন ও তার ভাই নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। পরে বারবার টাকা দাবি করলে তারা আজ-কাল বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ১১ ফেব্রুয়ারি পাওনা চাইতে গেলে নতুন করে ১৬ মার্চ হাতিরঝিলের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়।

অভিযোগ মতে, সেদিন উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন বাদীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন ও হুমকি দেন—‘বাসার সামনে দেখা গেলে মেরে ফেলব’। এতে তিনি জীবননাশের ভয় পান। ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে ২৪ মার্চ তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

এদিকে গ্রেফতারি পরোয়ানার খবরকে ভিত্তিহীন দাবি করেছেন অভিনেত্রী মেহজাবীন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ—অনুগ্রহ করে যাচাইহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।”