অনলাইন ডেস্ক :
নিজের ত্বকের রঙ নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধি রুমা রিয়াজ। তবে নীরব না থেকে দৃপ্ত কণ্ঠে জবাব দিয়েছেন তিনি। জানিয়েছেন, তাঁর ত্বকের রঙেই লুকিয়ে আছে পাকিস্তানের প্রকৃত পরিচয়—এই মাটির মতোই তাঁর ত্বকের রঙ।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুমা রিয়াজ বলেন,
“আমার ত্বক পাকিস্তানের মাটির রঙের মতো—যে রঙে আমাদের মায়েরা ঘর বেঁধেছেন, পরিবার গড়েছেন, বুকভরা ভাআমার ত্বক পাকিস্তানের মাটির রঙের মতোলোবাসা নিয়ে দেশকে ধারণ করেছেন। যারা কখনো শুনেছেন ‘তুমি বেশি কালো’, ‘বেশি সাহসী’ বা ‘অন্যরকম’, তাদের বলছি—তোমরাও পাকিস্তানের মুখ।”
রুমা বলেন, রঙবৈষম্য বা কালারিজম এখনো বহু সমাজে গভীরভাবে প্রোথিত একটি সমস্যা। “কালারিজম আমাদের শিখিয়েছে ফর্সা ত্বককে উদ্যাপন করতে, অথচ ভুলিয়ে দিয়েছে আমাদের শিকড় কোথায়,”—বলেছেন তিনি।
তিনি আরও যোগ করেন,
“আমি সেই দক্ষিণ এশীয় নারীদের নতুন প্রজন্মের প্রতিনিধি, যারা আর সংকীর্ণ সৌন্দর্যের ধারণায় বিশ্বাস করে না। সৌন্দর্য কোনো নির্দিষ্ট ত্বকের রঙে সীমাবদ্ধ নয়—এটি বৈচিত্র্য, আত্মবিশ্বাস ও মানবতার প্রতিফলন।”
রুমা জোর দিয়ে বলেন, নিজের জাতিগত বৈশিষ্ট্যের জন্য কখনো ক্ষমা চাইবেন না তিনি। তাঁর ভাষায়,
“আমার শিকড়ে, আমার মূল্যবোধে, আর আমার ত্বকের প্রতিটি রঙে আমি পাকিস্তানি।”
ভিডিও বার্তার শেষভাগে উর্দু ভাষায় সমালোচকদের উদ্দেশে রুমা আহ্বান জানান ঐক্য ও ইতিবাচকতায় মনোযোগ দিতে। বলেন,
“আমাদের আরও ভালো হতে হবে, কারণ যদি আমরা নিজেদের মানুষকেই ভালোবাসতে না পারি, তাহলে প্রতিনিধিত্বের কোনো মূল্য থাকে না।”











