ইউআইইউ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) একদল শিক্ষার্থী। শনিবার (২১ জুন) সকাল ৮টার পর থেকে এই অবরোধ শুরু হয়। এতে করে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডামুখী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজট।

বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সম্মান শেষ বর্ষের ২৬ জন শিক্ষার্থীকে একতরফাভাবে বহিষ্কার করেছে প্রশাসন। তারা বলেন, সিদ্ধান্তটি অপ্রত্যাশিত ও শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি অবজ্ঞাসূচক।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান ইউএনবিকে জানান, বহিষ্কৃত শিক্ষার্থীরা পরীক্ষায় খুবই কম নম্বর পাওয়ায় তাদের ভবিষ্যতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা নেই—এই যুক্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।