নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের হাতে হিসাবপত্র তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বিএনপি জানিয়েছে, ২০২৪ সালে দলটির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ফলে দলের হাতে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
রিজভী জানান, দলের আয়ের প্রধান উৎস ছিল—সদস্যদের চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। ব্যয় হয়েছে মূলত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচার সামগ্রী ছাপানো এবং সহায়তা খাতে।
ইসি সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, “এক সময়ের কমিশন ছিল ফ্যাসিবাদের হাতিয়ার। রাতের আঁধারে ভোটের বৈধতা দিয়েছিল। আমরা আশা করি, বর্তমান নির্বাচন কমিশন অতীতের বিতর্ক থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে।”
এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পরপর তিন বছর হিসাব জমা না দিলে দলের নিবন্ধন বাতিলের বিধানও রয়েছে।
বর্তমানে দেশে ৫১টি দল নিবন্ধিত থাকলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় এবার ৫০টি দলকে হিসাব জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছে ইসি।











