উত্তরা ব্যবসায়ী হত্যায় সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

অভ্যুত্থানকে কেন্দ্র করে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

আদালতে উপস্থিত থেকে আতিকুল ইসলামের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তার মক্কেলের বিরুদ্ধে। শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে আতিকুল ইসলাম বলেন,
“রাজনৈতিক কারণে আমাকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। জেল হাজতে নিষ্ঠুর আচরণ করছে প্রশাসন। অন্ধকারে রেখে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে।”

তিনি দাবি করেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। “ন্যায়বিচার হলে আমার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। আমি ব্যবসায়ী ছিলাম, সেজন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন,” — বলেন আতিকুল ইসলাম।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকার আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ওইদিন বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় নিহতের ছেলে রেদোয়ান হোসেন এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক নজরুল ইসলাম গত ১৯ অক্টোবর আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সোমবার তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।