অনলাইন ডেস্ক:
ডিপ ফেক প্রযুক্তির অপব্যবহার করে শোবিজ তারকাদের বিভ্রান্তিকর ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে—এ নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। গতকাল (মঙ্গলবার) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি ভক্তদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং যেসব পেজ এই ধরনের কনটেন্ট তৈরি করছে, তাদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্ট্যাটাসে সাদিয়া লেখেন, “কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে তাদের নিচু মানসিকতা আর সস্তা মনভাবটাই ফুটে ওঠে।”
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “২০২৫ সালেও মানুষ এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!”
ভক্তদের উদ্দেশ্যে সাদিয়া বলেন, “আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!”
সবশেষে সাদিয়া আহ্বান জানান, এ ধরনের ছবি বা ভিডিও চোখে পড়লে সংশ্লিষ্ট পোস্ট ও পেজ রিপোর্ট ও ব্লক করে দেওয়ার অনুরোধ করেন। তিনি জানান, বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করবেন এবং তারাই উপযুক্ত পদক্ষেপ নেবেন।











