এনসিপির অনুরোধে ছাত্রদলের সমাবেশ শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে আগামী ৩ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশের স্থান কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তর করা হয়েছে। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি জানান, ছাত্রদল শহীদ মিনারে পূর্বেই সমাবেশের জন্য অনুমতি পেয়েছিল। তবে একই স্থানে একই দিনে এনসিপির ‘জুলাই মিছিল’ সমাপনী আয়োজন থাকায় তারা শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে সমাবেশ শাহবাগে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাকিব বলেন, “রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক মোড় শাহবাগে যদি যানজট বা ভোগান্তি হয়, তা অনিচ্ছাকৃত হবে। এ জন্য আমরা আগাম দুঃখ প্রকাশ করছি।”

৩ আগস্টের এই সমাবেশ ছিল জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্রদলের ধারাবাহিক কর্মসূচির অন্যতম অংশ। রাকিব জানান, জুন মাসেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে শহীদ মিনারে সমাবেশের লিখিত অনুমতি নেওয়া হয়েছিল। পরবর্তীতে এনসিপি পক্ষ থেকে বিএনপি ও ছাত্রদলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়।

এ প্রসঙ্গে রাকিব বলেন, “ছাত্রদলের এই উদারতা গণতান্ত্রিক ছাত্র রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অন্য রাজনৈতিক সংগঠনের জন্যও পথপ্রদর্শক হবে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রদলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও অনেক সময় আমাদের অবদান খাটো করে দেখা হয়, যা হতাশাজনক। আজ আমরা উসকানির বিপরীতে শান্তির বার্তা দিলাম।”