এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা সম্পূর্ণরূপে অমার্জনীয় : অন্তর্বর্তী সরকার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলাকে ‘সম্পূর্ণরূপে অমার্জনীয়’ বলে আখ্যায়িত করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং জড়িতদের দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনার ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, “এটা স্পষ্ট করে বলা দরকার যে, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।” সরকার জানায়, তরুণ নাগরিকরা তাদের বিপ্লবী আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিল, কিন্তু সেখানে হামলা চালিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে, যা লজ্জাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালানো হয়েছে। তাদের গাড়িবহর ভাঙচুর করা হয়েছে এবং শারীরিকভাবে আঘাত করা হয়েছে। হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং নিষিদ্ধ কার্যক্রম চালানো আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে বলা হয়েছে, অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

সরকার সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা জানিয়ে বলেছে, সহিংসতার মধ্যেও যারা শান্তিপূর্ণভাবে সমাবেশ চালিয়ে গেছেন, সেই সাহসী ছাত্র ও নাগরিকদের মনোবল ও দৃঢ়তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিবৃতির শেষাংশে আবারও পুনর্ব্যক্ত করা হয় যে, বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই, এবং যারা এই বর্বরতার জন্য দায়ী, তারা কেউ দায়মুক্তি পাবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে—এটাই সরকারের প্রতিশ্রুতি।