নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউল শিল্পীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঘোষিত প্রতিবাদ সমাবেশের আগে দুপুরে সংঘটিত হামলায় দুইজন বাউল শিল্পী আহত হন। বুধবার ২৬ নভেম্বর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেক্ষাপটে জানা যায়, বাউল শিল্পীরা ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সময় তৌহিদী জনতার একটি দলও নিজেদের কর্মসূচি নিয়ে এলাকায় অবস্থান নেয়। মানুষের ভিড় বাড়তে থাকায় শুরু থেকেই সতর্ক অবস্থায় ছিল পুলিশ।
কোর্ট চত্বরে জমায়েতের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান জানান, সমাবেশ শুরুর আগেই দুই বাউল শিল্পীকে একা পেয়ে উৎসুক জনতার একটি অংশ তাদের ওপর হামলা ও মারপিট করে। তিনি বলেন, বাউল শিল্পীরা যে কোনো অভিযোগ লিখিতভাবে দিলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজুও হামলাটি নিন্দা জানান। তিনি বলেন, মানুষের মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু কোর্ট চত্বরে বাউল শিল্পীদের ওপর যে হামলা হয়েছে তা দুঃখজনক। সংগঠনের পক্ষ থেকে তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, তৌহিদী জনতার ব্যানারে চৌরাস্তা থেকে শান্তিপূর্ণ মিছিল কোর্ট এলাকায় পৌঁছালে দুই পক্ষের কিছু মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুহূর্তেই হাতাহাতি ছড়িয়ে পড়ে এবং দুইজন বাউল শিল্পী আহত হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, তৌহিদী জনতার ব্যানারে চৌরাস্তা থেকে শান্তিপূর্ণ মিছিল কোর্ট এলাকায় পৌঁছালে দুই পক্ষের কিছু মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুহূর্তেই হাতাহাতি ছড়িয়ে পড়ে এবং দুইজন বাউল শিল্পী আহত হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, কোর্ট চত্বরে পৌঁছানোর সময় উভয় পক্ষের কেউই সেখানে অবস্থান করছিল না। পরে এলাকা নিরাপত্তার আওতায় নেওয়া হয়। উত্তেজনা ছড়ানোয় বাউল শিল্পীদের ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হয়নি।











