অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বিয়ের পিঁড়িতে বসেছেন। তার জীবনসঙ্গী হয়েছেন রাকিবুল হাসান, যিনি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। গত ৯ নভেম্বর পুরান ঢাকায় পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের পরদিনই নবদম্পতি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। তারা আগামী ২৩ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
বিয়ের পর অনুভূতি জানাতে গিয়ে প্রিয়াঙ্কা জামান বলেন, “রাকিবের সঙ্গে খুব বেশি দিনের পরিচয় নয়, তবে অল্প সময়েই বুঝেছি তিনি ঠিক সেই মানুষ, যেভাবে আমি স্বপ্ন দেখেছি। তার মানসিকতা, বিনয় ও যত্নে আমি মুগ্ধ।”
তিনি আরও বলেন, “নারী জীবনের স্বপ্ন থাকে একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া। রাকিবকে পেয়ে আমি সত্যিই ধন্য। সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে-দুঃখে একসঙ্গে থাকতে পারি।”
রাকিবুল হাসান জানান, “একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখি, তখনই মনে হয়েছিল তিনিই আমার উপযুক্ত জীবনসঙ্গী। প্রেম নয়, পারিবারিক আয়োজনেই আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।”
অভিনয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা জামান বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। তার অভিনীত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’, আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’ ও ‘তবুও প্রেম দামি’।











