জেলা প্রতিনিধি :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রেললাইনে ভারতীয় আতশবাজি ভর্তি একটি বস্তা বিস্ফোরিত হয়। ঘটনাটি বুড়িচং উপজেলার পীতাম্বর এলাকা, রেয়াছত আলী ফকির মাজার সংলগ্ন রেললাইনে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরাকারবারিরা প্রতিদিন ভারত থেকে বিভিন্ন অবৈধ পণ্য ট্রেনে এনে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে। ওই দিন সন্ধ্যায় সদর রসুলপুর রেলস্টেশনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলার খবর পেয়ে চোরাকারবারিরা তড়িঘড়ি করে বস্তাগুলো ট্রেনের বাইরে ফেলে দেয়। এক বস্তা আতশবাজি ভর্তি ছিল, যা পাশের ক্রসিংয়ে মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের চাকার নিচে পড়ার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের সময় ট্রেনে প্রচণ্ড ঝাঁকুনি লাগে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তবে ট্রেন চলমান থাকায় আগুন ছড়িয়ে পড়েনি, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ মালামাল এবং মাদকদ্রব্য ট্রেনে নিয়মিতভাবে পৌঁছানো হয় এবং মাঝে মাঝে ট্রেন কর্মকর্তা ও স্টেশন মাস্টারদের সহায়তায় এগুলো ঢোকানো হয়। এলাকায় সক্রিয় বেশ কয়েকটি চোরাকারবারি সিন্ডিকেট আছে, যার মধ্যে শশীদলের রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক ও ভারতীয় অবৈধ পণ্য রেলযোগে পাচার করে আসছেন।
সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, “ম্যাজিস্ট্রেট সানোয়ার জাহানের নেতৃত্বে চট্টলা এক্সপ্রেসে অভিযান চলাকালীন বিস্ফোরণ ঘটে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি।”











