গণ অধিকার পরিষদের প্রার্থী হয়ে ঢাকা-৮ আসনে মেঘনা আলম

অনলাইন ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ ও আলোচিত মডেল মেঘনা আলম। বুধবার (২৪ ডিসেম্বর) তিনি নিজেই গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচনী পরিকল্পনার কথা জানিয়ে মেঘনা আলম নিজের ফেসবুক পেজে লেখেন, তিনি নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। ইভটিজিং বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ রোধে পুরো এলাকায় আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া পথচারীদের জন্য নিরাপদ ফুটপাত এবং সাইকেল চালকদের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলাকেও অগ্রাধিকার দেবেন এই প্রার্থী।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে এর আগে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর পল্টনে এক হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাদির মৃত্যুর পর এই আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসে।

নিজের ইশতেহারে মেঘনা আলম আরও উল্লেখ করেন, এলাকার সাধারণ মানুষের পুষ্টির উন্নয়ন, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিতে তিনি কাজ করবেন। গ্ল্যামার জগত থেকে রাজনীতির মাঠে মেঘনা আলমের এই আগমন ভোটারদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।