চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শত শত কর্মকর্তা অংশ নেন, ফলে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

জানা গেছে, সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন দিয়ে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। পরে পৌনে ১২টার দিকে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়ে সরাসরি যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধকারীদের অভিযোগ, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তা কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত হয়েছেন। এছাড়াও আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) হিসেবে পদায়ন করে কার্যত কর্মহীন করে রাখা হয়েছে। এসব কর্মকর্তা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান।

এর আগে ৩ অক্টোবর (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিলেও শনিবার সকাল থেকেই তারা মাঠে নামেন।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। চট্টগ্রামমুখী ও ঢাকামুখী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা বিপাকে পড়েন। অনেকে নির্ধারিত গন্তব্যে সময়মতো পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অবস্থান নেয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চালায়।