জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায় সরাসরি সম্প্রচার করা হবে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার (১৭ নভেম্বর)। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সরাসরি সম্প্রচার করা হবে এবং বিশ্বের বিভিন্ন দেশ বিচারপ্রক্রিয়াটি প্রত্যক্ষ করার সুযোগ পাবে।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় এই বিচারকাজ দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষও রায় ঘোষণা সরাসরি অনুসরণ করতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, আলোচিত মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় শোনার অপেক্ষায় রয়েছে পুরো জাতি। রায়ের প্রতি আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে বিচারকাজ সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এটি ভবিষ্যতের জন্য একটি নজির স্থাপন করে।

গত ১৩ নভেম্বর দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় প্রসিকিউশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যান্য সদস্যরা।