নিজস্ব প্রতিবেদক:
ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের বাইরে বিএনপির কোনো আলাদা বক্তব্য নেই। জাতীয়ভাবে যেটা ঐক্যমত্য হয়েছে, সেই পথেই দল অটল থাকবে।
কক্সবাজারের পেকুয়ায় এক ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই অবস্থান স্পষ্ট করেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন এবং পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক পরিচালিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির রাজনীতি দেশের মানুষের কল্যাণকে কেন্দ্র করে। মানুষের শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য। এসব লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ঐক্য জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, “সেই ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছি। জাতীয়ভাবে যেটা গৃহীত হয়েছে, সেটাই আমরা প্রতিপালন করবো।”
সংবিধান প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেন। সালাহউদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমান প্রথমবারের মতো সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছিলেন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি দাবি করেন, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেই অংশ সংবিধান থেকে বাদ দেয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংবিধানের মূলনীতিতে আবারও মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংযোজন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরী। সঞ্চালনা করেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনি। এতে আরও বক্তব্য দেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান এবং আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহ। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।











