জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেরানীগঞ্জ উপজেলা ২-১ ব্যবধানে ধামরাই উপজেলাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে।

মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে মঙ্গলবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণে টান টান উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে উভয় দলই একাধিক সুযোগ সৃষ্টি করলেও, ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি কেউ। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে গতি বাড়ায় কেরানীগঞ্জ। ম্যাচের ৪৮তম মিনিটে নাহিদ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর মাত্র পাঁচ মিনিট পর শান্ত একটি দারুণ গোল করে ব্যবধান বাড়ান ২-০তে।

শেষ দিকে মরিয়া হয়ে ওঠে ধামরাই। ৮৭তম মিনিটে শান্ত ইসলাম একমাত্র গোলটি শোধ দিলেও হার এড়াতে পারেনি তারা। নির্ধারিত সময় শেষে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কেরানীগঞ্জ উপজেলা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও নগদ ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ৪০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন. কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন হাসান অনিক, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক তানভীর আহমেদ জানান, “আগামীতে শুধু ফুটবল নয়, নানা ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হবে।”