টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টিনশেড ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, ঘটনাস্থলের কাছাকাছি পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।”

স্থানীয়রা জানান, প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।