টিটিপাড়ায় ৬ লেনের নতুন রেলওয়ে আন্ডারপাস চালু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস শনিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর থেকে আন্ডারপাস দিয়ে যান চলাচল শুরু হয়েছে, যা স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছে।

আন্ডারপাস উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন বিশেষ সহকারী শেখ মইন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

নতুন এই আন্ডারপাসে মোট ছয়টি লেন রয়েছে; চারটি লেন যান্ত্রিক যানবাহনের জন্য, এবং দুইটি লেন রিকশা, সাইকেল ও পথচারীর জন্য সংরক্ষিত। পাঁচ মিটার উচ্চতার যানবাহনও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারবে। এর ফলে ট্রেন চলাচল উপরের দিকে হলেও অন্যান্য যানবাহন নিচ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

স্থানীয়রা বলছেন, আগে রেল ক্রসিংয়ে ট্রেন এলে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকত। এ জন্য অনেকে খিলগাঁও বা গোলাপবাগ ঘুরে চলাচল করতেন। নতুন আন্ডারপাস চালুর পর মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়কসংযোগ এখন দ্রুততর ও নিরাপদ হয়েছে।