ঢাকা-৯ আসনে মনোনয়ন ফরম নিলেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে প্রার্থী হওয়ার জন্য ফরম সংগ্রহ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টেরে মাধ্যমে।

ডা. তাসনিম জারা সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি ফেসবুকে জানিয়েছেন, “আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে নির্দেশনা এসেছে যে ১৩ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। সেই প্রক্রিয়ায় যুক্ত হয়েছি। সুযোগ পেলে এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।”

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড, এবং সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানাকে নিয়ে গঠিত। এ আসনে এখনও বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী এই আসনে কবির আহমদ।