নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ ঘিরে কয়েকদিন ধরে ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে বুধবার (৩০ জুলাই) মিরপুর মডেল থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করে অভিযোগকারী বন্ধু সিফাতুর রহমান সৌরভ বিষয়টি আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করেছেন।
গত ২৮ জুলাই সৌরভ মিরপুর থানায় তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ জানালে তা নিয়ে তদন্ত শুরু হয়। অভিযোগ অনুসারে, ২৭ জুলাই রাতে রাজধানীর সোনি সিনেমা হলের সামনে তাসকিন তাকে ডেকে নিয়ে শারীরিক লাঞ্ছিত করেন এবং হুমকি দেন। তবে তাসকিন ফেসবুকে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এটি একটি ভিত্তিহীন গুজব এবং তার সঙ্গে কোনো ঝগড়া হয়নি।
পরবর্তীতে দুই পরিবার আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে। অভিযোগকারী সৌরভ গণমাধ্যমকে বলেন, “বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, যা পারিবারিক আলোচনায় মিউচুয়ালি সমাধান হয়েছে। আমি তাকে একজন খেলোয়াড় হিসেবে সম্মান করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”
সৌরভের খালা ঝুমা খান জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই প্রথমে অভিযোগ করা হয়েছিল, পরে পরিবারের সঙ্গে আলোচনা করে তা প্রত্যাহার করা হয়। তিনি বলেন, “ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রতিশ্রুতি নেওয়া হয়েছে।”
এই ঘটনা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারকে কেন্দ্র করে কিছুদিনের জন্য বিরূপ আলোচনার জন্ম দিলেও দ্রুত মীমাংসায় তা নতুন কোনো জটিলতায় গড়ায়নি।










