ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

ইডেন কলেজের এক সাবেক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে রোববার (২২ জুন) নোবেলের আইনজীবী মো. খলিলুর রহমান জামিনের আবেদন করলে আদালত আজ (মঙ্গলবার) শুনানির দিন ধার্য করেন। এদিন ভিকটিম ও আসামির উপস্থিতিতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে ভিকটিম জানান, নোবেলের জামিনে তার কোনো আপত্তি নেই।

জামিন আবেদনে বলা হয়, আসামি ও বাদী শরিয়াহ অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে একটি অঙ্গীকারনামা আদালতে দাখিল করা হয়েছে। আগামীতে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহ নিবন্ধন করবেন। ২০ মে থেকে নোবেল জেলহাজতে ছিলেন।

এর আগে, গত ১৯ মে গভীর রাতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১২ নভেম্বর আসামি নোবেল ভিকটিমকে স্টুডিও দেখানোর কথা বলে নিজ বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে আটক করে ধর্ষণ করেন। এ সময় ভিডিও ধারণ করে হুমকি দিয়ে ভিকটিমকে দীর্ঘ সময় আটকে রাখা হয়। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিবার বিষয়টি জানতে পারে এবং ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

পরবর্তীতে ডেমরা থানায় দায়ের করা মামলায় আদালত নোবেলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের বিয়ে ও ভিকটিমের সম্মতি জানানোয় আদালত জামিন মঞ্জুর করেন।