নির্বাচনের মুখে গাড়ি সংকটে ব্যাহত হচ্ছে পুলিশ টহল ও অভিযান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে পুলিশের গাড়ি সংকট মারাত্মক রূপ নিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের সময় বিক্ষুব্ধ জনতার হামলায় পুড়িয়ে দেওয়া হয় শত শত থানার যানবাহন। এতে প্রায় ১ হাজার ১৪৬টি গাড়ি ধ্বংস হয়, ক্ষতির পরিমাণ ২৮৫ কোটি টাকা। সেই ক্ষতি এখনো পূরণ না হওয়ায় দেশের প্রায় প্রতিটি থানায় পুলিশ সদস্যদের টহল ও রুটিন কাজ ব্যাহত হচ্ছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে বাহিনীতে যানবাহনের ঘাটতি প্রায় ৪ হাজার ৪৪৭টি। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে মোটরসাইকেলে (৩,৪৯৭টি)। এছাড়াও রয়েছে ৫০৭টি ডাবল কেবিন পিকআপ এবং ৪৪৩টি এসইউভি গাড়ির সংকট। এই গাড়িগুলো জেলা ও উপজেলা পর্যায়ে টহল, অভিযান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য অপরিহার্য।

বর্তমান যানবাহন পরিস্থিতিতে পুলিশের “রেসপন্স টাইম” বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। আগে যেখানে কোনো অপরাধের খবরে পুলিশ ৭-১০ মিনিটে পৌঁছাতে পারতো, এখন সেখানে ২০-৩০ মিনিটও লেগে যাচ্ছে।

পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে থানাগুলোতে গাড়ি সরবরাহ করা হচ্ছে। তবে নির্বাচনের সময় সব থানার নিজস্ব গাড়ির প্রয়োজন হবে, তখন সংকট আরও প্রকট হতে পারে।

আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, মাঠপর্যায়ের জন্য প্রয়োজনীয় গাড়িই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিসারদের বিলাসবহুল গাড়িগুলো তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে। কিন্তু ফোর্স পরিবহন ও অভিযানের জন্য ট্রাক, বাস ও পিকআপ সবচেয়ে দরকারি—সেগুলোরই চরম অভাব।

যানবাহনের এমন ঘাটতি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।