পুরোনো ভিডিও বিতর্কে সমালোচনার মুখে মিথিলা

অনলাইন ডেস্ক:

থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর, যেখানে বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ইতোমধ্যে অনলাইন ভোটিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই বাংলাদেশি প্রতিযোগী। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে এবারের আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে।

গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে মূল মঞ্চের যাত্রা শুরু করেন মিথিলা। তবে গ্র্যান্ড শোডাউনের আগে পুরোনো একটি ‘ওয়াশরুম ভিডিও’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এই মডেল।

সম্প্রতি লাইভে এসে মিথিলা ভিডিওটির বিষয়ে মুখ খুলে জানান, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর আগের এবং সেটি ছিল কেবল একটি প্র্যাঙ্ক। তিনি বলেন, ঘটনাস্থলে থাকা সবাই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং ভিডিওটিকে ভুলভাবে যৌন হয়রানির ঘটনা হিসেবে ছড়ানো হচ্ছে।

মিথিলা বলেন, “আমি তখন ছোট ছিলাম, বোকার মতো কাজ করেছি। বহুবার বলেছি—আমাকে ক্ষমা করে দিন। কিন্তু আপনারা ৭/৮ বছরের পুরোনো ভিডিও দিয়ে আমাকে নিয়ে নেগেটিভ প্রচারণা চালাচ্ছেন। এতে আমার প্রতিযোগিতার অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।”

নেটিজেনদের উদ্দেশে তিনি আরও জানান, নেতিবাচক প্রচার তার এগিয়ে যাওয়ার পথ কঠিন করে তুলতে পারে এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা তার সাফল্যে বাধা সৃষ্টি করছে।