প্রচারণায় বডি শেমিং প্রশ্নে ক্ষুব্ধ গৌরী জি. কিষাণ

অনলাইন ডেস্ক:

নিজের নতুন ছবি ‘আদার্স’-এর প্রচারণায় গিয়ে অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হন দক্ষিণ ভারতের অভিনেত্রী গৌরী জি. কিষাণ। অনুষ্ঠানে উপস্থিত ইউটিউবার আর.এস. কার্তিক হঠাৎ অভিনেত্রীর শরীর নিয়ে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান গৌরী, প্রশ্ন করেন— “আমার ওজন নিয়ে আপনার কী? এর সঙ্গে ছবির সম্পর্ক কোথায়?”

গৌরী আরও বলেন, “আমার ওজন আমার ব্যক্তিগত বিষয়। আমার প্রতিভার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি আমার অভিনয় দিয়ে কথা বলি এবং কঠোর পরিশ্রম করি।”

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বহু শিল্পী, সংগঠন ও দর্শক গৌরীর পাশে দাঁড়ান এবং তার সাহসের প্রশংসা করেন।

বিতর্কের তিন দিন পর ইউটিউবার কার্তিক এক ভিডিওবার্তায় প্রকাশ্যে ক্ষমা চান। তিনি বলেন, “প্রশ্নটা আমি মজার ছলে করেছি, কাউকে বডি শেম করতে চাইনি। এখন বুঝতে পারছি, এতে তিনি আঘাত পেয়েছেন। আমি দুঃখিত।”

তবে মালায়ালাম মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্বেতা মেনন কার্তিকের ক্ষমাপ্রার্থনা নিয়ে সন্তুষ্ট নন। তিনি জানান, “তার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে অনুশোচনার সত্যতা দেখিনি। আমরা গৌরীসহ সব নারীশিল্পীর পাশে আছি।”

সূত্র: আউটলুক ইন্ডিয়া