অনলাইন ডেস্ক:
প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ। দীর্ঘ ক্যারিয়ারে নাটক ও মডেলিংয়ে সুনাম কুড়ানোর পর এবার তাকে দেখা যাবে ‘গহীন অতল’ নামের একটি ওয়েব ফিল্মের প্রধান চরিত্রে। কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমাটি।
ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব এবং চিত্রনাট্য করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। যদিও উপন্যাসের কাহিনি মূলত ৭০-এর দশকের, নির্মাতারা এটিকে আধুনিক প্রেক্ষাপটে রূপান্তর করেছেন। গল্প ও কিছু চরিত্রেও আনা হয়েছে পরিবর্তন।
‘গহীন অতল’-এ মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে, যার জীবনে এক রাতে ঘটে যাওয়া এক দুর্ঘটনা সবকিছু বদলে দেয়। ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে মরদেহ লুকিয়ে ফেলেন তিনি। এই সত্য গোপন করতে গিয়ে জড়িয়ে পড়েন এক নতুন সংকটে।
চরিত্রটি নিয়ে মৌ বলেন, “চরিত্রটা জটিল ও বাস্তবধর্মী। একজন মা হিসেবে যে মানসিক দ্বন্দ্ব, অপরাধবোধ ও সন্তানের প্রতি দায়বদ্ধতা—তা তুলে ধরার চ্যালেঞ্জটা আমি উপভোগ করেছি।”
পরিচালক গালিব বলেন, “গল্পটি পারিবারিক আবহে গড়ে উঠলেও, এর মধ্যে রয়েছে শক্তিশালী থ্রিলার উপাদান। এটি দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে।”
ওয়েব ফিল্মটিতে মৌয়ের পাশাপাশি অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু এবং ভিডিওকলের মাধ্যমে একটি বিশেষ চরিত্রে ইন্তেখাব দিনার।
সহশিল্পীদের প্রশংসা করে মৌ বলেন, “সবাই খুব আন্তরিক ছিল। কাজটা এতটা উপভোগ্য হয়েছে যে সেটার প্রতিফলন পর্দায়ও দেখা যাবে।”
ওটিটি মাধ্যমে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “এটি এখন দর্শকের কাছে পৌঁছানোর এক শক্তিশালী মাধ্যম। এখানে চরিত্র ও গল্পের গভীরতায় কাজ করার সুযোগ বেশি। আমার বিশ্বাস, এই নতুন অভিজ্ঞতা দর্শকদের ভালো লাগবে।”
ওয়েব ফিল্মটির মুক্তি পরিকল্পনা ছিল লেখক কাজী আনোয়ার হোসেনের জন্মদিন ১৯ জুলাইকে ঘিরে। তবে সময়মতো কাজ শেষ না হওয়ায় এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই এটি মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।










