নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বংশালে জুতার কারখানায় আগুন লেগে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে এবং একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—কারখানার মালিক আইন উদ্দিন (৪৫), তার দুই ছেলে রুমান (১৬) ও রবিন (১৮), আর তাদের গ্রামের আত্মীয় আমির উদ্দিন (৪০)।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে বংশাল সিক্কাটুলি মাজার গলির একটি বাড়ির নিচতলায় অবস্থিত জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় অবস্থানরত চারজনই দগ্ধ হন। তারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দগ্ধ রুমান জানান, রাতে কাজ করার সময় হঠাৎ সলিউশনের আঠা থেকে আগুন ধরে যায়। তিনি বলেন, “আমাদের শরীরের অবস্থা খারাপ, অনেকটাই পুড়ে গেছে।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সোয়া ২টার দিকে তিনজন দগ্ধকে জরুরি বিভাগে আনা হয়। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে আইন উদ্দিনের ২০ শতাংশ, আমির উদ্দিনের ১০ শতাংশ এবং রুমানের ৪৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।
এদিকে গুরুতর অবস্থায় থাকা রবিনকে ভর্তি রাখা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।











