নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সঙ্গে আলোচনায় বসতে জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ। তবে বিএনপি এখন পর্যন্ত আলোচনায় রাজি নয় বলেও জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। কিন্তু তারা জানিয়েছে, আমাদের সঙ্গে আলোচনায় বসবে না। আমরা যেকোনো সময় আলোচনায় রাজি আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় বসতে উদ্বুদ্ধ করব।”
জামায়াত নেতা আরও বলেন, “জাতীয় নির্বাচনে মানুষের ফোকাস দল ও প্রার্থী-কেন্দ্রিক হয়ে যায়। আমাদের দেশে ভোটকেন্দ্র দখলের প্রবণতা আছে। দুটো ভোট দিতে গেলে সময় ব্যবস্থাপনা হবে না, ভোট কাস্টিং কমে যাবে। পরে আবার বলা হবে, জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয়নি।”
‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ স্বাক্ষরিত হলেও বাস্তবায়নের প্রক্রিয়া এখনো স্পষ্ট নয়। জাতীয় ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ পাঠায়, তখনই বিরোধ তৈরি হয়।”
বর্তমান প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিবাদী আমলের প্রশাসন এখনো বিদ্যমান। জনগণের আস্থা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের আগে গণভোট জরুরি। আগে গণভোট হলে নির্বাচনটা ভালো হবে।”
গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “ডেমোক্রেসিতে আলোচনা ও রাজপথে ভয়েস রেইস করা—দুটোই চলে। আমরা তো কোনো ভায়োলেন্স করছি না।”











