অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী দিব্যা আগরওয়াল ও ব্যবসায়ী অপূর্বর বিবাহিত জীবন ঘিরে ফের চর্চায় ফের উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। গেলো কয়েকদিন ধরে এই দম্পতির আলাদা হয়ে যাওয়ার খবর চাউর হলেও, দু’জনই ছিলেন নীরব। তবে এবার নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে গুঞ্জনের জবাব দিলেন দিব্যা।
বুধবার (২৩ জুলাই) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে দিব্যা লেখেন, “আমি কোনো মন্তব্য করিনি, কোনো গল্প বানাইনি। আমি ২৫০০ পোস্ট ডিলিট করেছি। তারপরও মিডিয়া আমার বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানতে চায়। বিষয়টি মজার, কারণ মানুষ এখন আমার কাছ থেকে সন্তান অথবা ডিভোর্স চাচ্ছে! অথচ দুটোর একটিও ঘটেনি।”
উল্লেখ্য, গত বছর ২০ ফেব্রুয়ারি দিব্যা ও অপূর্ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে, ২০২২ সালে নিজের জন্মদিনে অপূর্বের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে ওই বছরের ৪ ডিসেম্বর বাগদান সম্পন্ন করেন দিব্যা।
দাম্পত্যের শুরুতে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেছিলেন, “অপূর্ব আমাকে নতুন জীবন দিয়েছে। আমার বাবার মৃত্যুর পর আমি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অপূর্বই আমাকে বিশ্বাসে ফিরিয়ে এনেছে। আমি সবসময় তার পাশে থাকব।”
ব্যক্তিগত জীবনে দিব্যার একাধিক সম্পর্কের ইতিহাস থাকলেও, অপূর্বর সঙ্গেই তিনি সংসার শুরু করেন। তবে বিয়ের কয়েক মাস যেতে না যেতেই এ সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিনেত্রীর সাম্প্রতিক পোস্টে বিচ্ছেদের গুঞ্জনে কিছুটা হলেও জল পড়েছে বলে মনে করছেন নেটিজেনরা।










