নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে প্রিয় জন্মভূমিতে পা রেখেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি বিমানবন্দরের একটি ছোট ফুলের বাগানের দিকে এগিয়ে যান। সেখানে নিজের জুতো খুলে খালি পায়ে পরম মমতায় স্পর্শ করেন স্বদেশের মাটি।
দীর্ঘ প্রায় দুই দশক পর দেশের মাটির সরাসরি স্পর্শ পেয়ে তারেক রহমানের চোখে-মুখে ফুটে ওঠে এক বর্ণনাতীত তৃপ্তির আভা। তিনি দু’হাত দিয়ে মাটি স্পর্শ করেন এবং একপর্যায়ে দুই হাত ভরে মাটি তুলে নেন। নেতার মাটির প্রতি এমন আকুলতা দেখে সেখানে উপস্থিত নেতাকর্মী ও নিরাপত্তাকর্মীরাও আবেগ ধরে রাখতে পারেননি।
এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকা অবতরণ করে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানটি সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। উল্লেখ্য, বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও এর আশপাশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিআইপি গেট থেকে শুরু করে সমাবেশস্থল পর্যন্ত পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এদিকে প্রিয় নেতাকে একনজর দেখতে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (পূর্ববর্তী ৩০০ ফিট) এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। জনস্রোতের কারণে পুরো এলাকা এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।











