অনলাইন ডেস্ক :
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর নতুন ইতিহাস গড়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সেপ্টেম্বরের আসরে দেশের সেরার মুকুট অর্জনের পর তিনি এখন বাংলাদেশের মুখ হয়ে অংশ নিচ্ছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা—মিস ইউনিভার্স ২০২৫-এ।
গত অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানে চলছে প্রতিযোগিতার বিভিন্ন প্রস্তুতি ও ভোটগ্রহণ কার্যক্রম। বিশ্বের ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে সমানতালে লড়ছেন বাংলাদেশের মিথিলা। ইতিমধ্যে তিনি পেয়েছেন ৭০ হাজারেরও বেশি ভোট, যা তাঁকে যেমন আনন্দিত করেছে, তেমনি অনুপ্রেরণাও জুগিয়েছে।
এদিকে, মিথিলাকে এগিয়ে দিতে দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও মডেলরা একযোগে সোশ্যাল মিডিয়ায় ভোট চাওয়ার প্রচারণা শুরু করেছেন। তাঁদের মধ্যে অন্যতম জয়া আহসান, যিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন—
“আমরা অনেকেই ফোনে স্ক্রল করে সময় ব্যয় করি। সেই সময়ের সামান্য অংশটুকু ব্যয় করুন বাংলাদেশের জন্য। তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশ ও মিথিলার জন্য মূল্যবান।”
জয়ার পাশাপাশি রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া প্রমুখ তারকারাও মিথিলার পক্ষে ভোটের আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে থাইল্যান্ডের ফুকেট থেকে ফোনে মিথিলা জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতার নানা কার্যক্রমে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে দেশের সহকর্মীরা তাঁর জন্য ভোট চাইছেন—এটা তাঁকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।
মডেলিং ও অভিনয়ের পাশাপাশি মিথিলা বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। ২০২০ সালেও তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর খেতাব জয় করেছিলেন, তবে কোভিড–১৯–এর কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। এবারের জয় তাই তাঁর জন্য প্রতীকী এক প্রত্যাবর্তন।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম বলেন, “মিস ইউনিভার্স কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও উদ্দেশ্য উদ্যাপনের বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি।”











