জেলা প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। আন্দোলনের ২৩ ঘণ্টা পার না হতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত চারজন শিক্ষার্থী।
গতকাল রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই আমরণ অনশন শুরু করেন তারা। তাদের একমাত্র দাবি— বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা।
সোমবার (১৮ আগস্ট) সকালে অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান জানান, রাত ১২টার দিকে চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে রয়েছেন— সমাজবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের মাহিদুল ইসলাম মাহিদ, সাংবাদিকতা বিভাগের রুম্মানুল ইসলাম রাজ ও শিক্ষার্থী সুমন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হাসপাতালে নিতে চাইলেও শিক্ষার্থীরা অস্বীকৃতি জানান। পরে ক্যাম্পাসেই স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হয়। রুম্মানুল ইসলাম রাজ বর্তমানে কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ও রেজিস্ট্রার ড. হারুন অর রশিদও সোমবার সকাল পর্যন্ত না খেয়ে অবস্থান করেন, এতে তারাও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পার হলেও একবারও ব্রাকসু নির্বাচন হয়নি। এতে আমরা আমাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।”
এ প্রতিবাদে অংশ নিচ্ছেন আরও কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে আছেন— শিবলী সাদিক, কায়সার, মাহীদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, ও আতিকুর রহমান।










