অনলাইন ডেস্ক:
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সাফা কবির নাটক ও ওটিটি মাধ্যমে দর্শকের মন জয় করলেও, সাম্প্রতিক সময়ে তাকে নতুন কোনো প্রজেক্টে দেখা যাচ্ছে না। পক্ষকাল আগে বরিশালের বিভিন্ন লোকেশনে একটি নাটকের শুটিংয়ের পর থেকে আপাতত অভিনয়ে বিরতি নিয়েছেন তিনি।
এ বিষয়ে সাফা জানান, প্রস্তাব পেলেও বেশিরভাগ গল্পেই নতুনত্বের অভাব রয়েছে। তিনি বলেন, “সব গল্পই একই ধাঁচের এবং ট্রেন্ডি। এসব কাজ করতে চাই না, তাই কাজের সংখ্যাও কমে যাচ্ছে। বিরতি নিয়ে ভালো কিছুই করতে চাই।”
সর্বশেষ তার অভিনীত ‘সন্ধি’ ও ‘কেন এই সঙ্গতা’ নাটক দুটি বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু এই ধরনের মৌলিক গল্পের ঘাটতি থাকায় আপাতত নিজ থেকেই কাজ থেকে বিরত রয়েছেন তিনি।
এদিকে, যখন তার সমসাময়িক অনেক শিল্পী বড় পর্দায় কাজ শুরু করেছেন, তখনও সাফা সিনেমায় কাজ করেননি। তবে এবার তিনি জানালেন, সিনেমায় কাজ করার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।
সাফা বলেন, “আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত। শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি। তবে মাল্টিকাস্টিং নয়, চাই এমন একটি একক গল্প, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারব।”










