বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

জেলা প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামের সিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায়।

নিহতদের মধ্যে ৫ জন নারী ও ১ জন পুরুষ রয়েছেন। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

আহত চালকসহ আরও দু’জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।