ভারতে শেখ হাসিনার মিডিয়ায় উপস্থিতি বন্ধে বাংলাদেশের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক :

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য অনুকূল নয় বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছে।

আজ বুধবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন ভাদেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বার্তা জানায়। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারতের জাতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের পক্ষ থেকে অনভিপ্রেত হিসেবে উল্লেখ করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া কোনোভাবেই দুই দেশের গঠনমূলক সম্পর্কের পক্ষে সহায়ক নয়।

উপ-হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে, শেখ হাসিনার গণমাধ্যমে উপস্থিতি বন্ধের বিষয়টি যেন তিনি অবিলম্বে নয়াদিল্লিকে অবহিত করেন।