ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৩

অনলাইন ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার ভোর রাত আড়াইটার দিকে বুলন্দশহর-আলিগড় সীমান্তের আরনিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ক্যান্টার ট্রাক পেছন দিক থেকে যাত্রীবাহী একটি ট্র্যাক্টর-ট্রলিকে ধাক্কা দিলে ট্রলিটি উল্টে যায়।

বুলন্দশহরের পুলিশ সুপার (গ্রামীণ) দিনেশ কুমার সিং জানান, ট্রলিটিতে মোট ৬১ জন তীর্থযাত্রী ছিলেন। তারা কাসগঞ্জ জেলার রফাতপুর গ্রাম থেকে রাজস্থানের জাহারপীর দরগায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই হতাহতদের স্থানীয় হাসপাতাল ও একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত আটজন মারা গেছেন, ৪৩ জন চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে তিনজন ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।”