অনলাইন ডেস্ক:
বলিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওল–এর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর পরিবার। অভিনেতার মেয়ে এশা দেওল ও স্ত্রী হেমা মালিনী উভয়েই জানিয়েছেন, ধর্মেন্দ্র সুস্থ হয়ে উঠছেন, এবং তাঁর মৃত্যু নিয়ে ছড়ানো খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন।
এশা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, “মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে ও মিথ্যা খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা সবাইকে অনুরোধ করছি— আমাদের পারিবারিক গোপনীয়তা সম্মান করুন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য ধন্যবাদ।”
অন্যদিকে, ধর্মেন্দ্রর স্ত্রী ও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী এক্স (পূর্বের টুইটার)-এ লিখেছেন,
“যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন সুস্থ হয়ে ওঠা মানুষকে মৃত ঘোষণা করতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখান।”
মঙ্গলবার সকালে ভারতের কয়েকটি গণমাধ্যম— ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, জি নিউজ ও টেলিগ্রাফ— ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশ করে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও লেখক জাবেদ আখতার-ও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন। পরে ভুল বুঝতে পেরে রাজনাথ সিং তাঁর পোস্টটি মুছে ফেলেন।
ধর্মেন্দ্র সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে তাঁকে দেখতে যান সালমান খান, শাহরুখ খান ও তাঁর ছেলে আরিয়ান খানসহ বলিউডের একাধিক তারকা। পরিবার জানিয়েছে, অভিনেতা এখন চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।
বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্র ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন ২৪৭টিরও বেশি সিনেমায়। তাঁর কাজ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হয়।











