মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা খুবই দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “গতকাল র‍্যাব দুইজন এবং ডিএমপি দুইজনকে গ্রেপ্তার করেছে। এরপর আরও একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও ধরতে গোয়েন্দা পুলিশ সতর্কভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা সমাজে মোটামুটি অসহিষ্ণু হয়ে পড়েছি। ছোটখাট ঘটনায়ও সংঘাতে জড়িয়ে পড়ি। এটা বন্ধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে।” চাঁদপুর, খুলনা এবং চট্টগ্রামে পূর্বের সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেসব ক্ষেত্রেও আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।”

মিল ব্যারাক পরিদর্শন প্রসঙ্গে জেনারেল জাহাঙ্গীর বলেন, “এখানে এসে পুলিশের সদস্যদের থাকার জায়গা, খাবারসহ সার্বিক অবস্থা পরিদর্শন করেছি। সামনে নির্বাচনকে সামনে রেখে এখানে প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে যাতে তারা শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারে।”

তিনি জানান, নির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশন জানাবে, তবে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় সরকার।