অনলাইন ডেস্ক :
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেগান ফক্স শুধু তাঁর অভিনয় দক্ষতার জন্যই নয়, বরং অনন্য সৌন্দর্যের জন্যও দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তাঁর নীল চোখ, নিষ্পাপ মুখাবয়ব ও ক্যারিশম্যাটিক উপস্থিতি তাঁকে ‘আদর্শ সুন্দরী’ হিসেবে পরিচিত করেছে। তবে এই সৌন্দর্য প্রকৃতির দান, না কি প্লাস্টিক সার্জারির কৃতিত্ব—সেই বিতর্ক অনেক পুরনো।
বিশেষ করে তাঁর নাক ও ঠোঁটের পরিবর্তন নিয়ে নেটদুনিয়ায় দীর্ঘদিন ধরে গুঞ্জন চলেছে। অনেক বিউটি সার্জন মনে করেন, মেগানের নাক আগের তুলনায় অনেক বেশি সরু ও মসৃণ। নিউইয়র্কের কসমেটিক সার্জন ডা. ম্যাথিউ শুলম্যান ২০১৮ সালে মন্তব্য করেছিলেন, এসব পরিবর্তন রাইনোপ্লাস্টিরই ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, ঠোঁট ও গালের গড়নেও ফিলারের সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান ফক্স স্বীকার করেন, তিনি একবার নাকের সার্জারি করেছিলেন, তবে সেটা ২৩ বছর বয়সের মধ্যেই। তিনি জানান, এরপর আর কোনো রাইনোপ্লাস্টি করাননি। তবে তিনবার স্তনের সার্জারি করিয়েছেন বলে অকপটে জানান অভিনেত্রী। পাশাপাশি তিনি এও বলেন, কখনও ফেসলিফট, ভ্রু লিফট, লাইপোসাকশন বা বডি কনট্যুরিং করাননি।
তবে একটি গোপন প্রসাধনী পদ্ধতির কথা স্বীকার করেছেন ফক্স। তিনি বলেন, ‘আমি এমন একটি জিনিস করেছি, যা সত্যিই ভালো ছিল। এটি কোনো প্রচলিত প্লাস্টিক সার্জারি নয়। মানুষ এটি সম্পর্কে খুব একটা জানেও না।’ যদিও পদ্ধতির বিস্তারিত এখনই প্রকাশ করতে চাননি তিনি।











