নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
এই সিদ্ধান্ত আসে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)-এর চূড়ান্ত দফার আলোচনার পর। আলোচনার নেতৃত্ব দেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশে বলা হয়, আমদানির শুল্কহার নির্ধারণে প্রতিটি দেশের প্রতিশ্রুতির গভীরতা, বাণিজ্য ভারসাম্য, এবং নিরাপত্তা ইস্যু বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশ ২০ শতাংশ শুল্কহার পেয়েছে—যা শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার অনুরূপ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুল্ক ছাড়ের ফলে বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থান অক্ষুণ্ন থাকবে। বিপরীতে, ভারত বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ২৫ শতাংশ শুল্কের মুখে পড়েছে।
ড. খলিলুর রহমান বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল পোশাক শিল্প রক্ষা, পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি আমাদের খাদ্য নিরাপত্তাকেও সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “৩৫ শতাংশ শুল্ক এড়িয়ে আমরা এখন বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে আছি। এটি লাখ লাখ কর্মসংস্থান সুরক্ষায় সহায়ক হবে।”










