যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় সহস্রাধিক ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক:

ফেডারেল সরকারের অচলাবস্থার (শাটডাউন) কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সহস্রাধিক ফ্লাইট বাতিল হয়েছে। শুক্রবার বেতন ছাড়াই কর্মরত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ওপর চাপ কমাতে ফ্লাইট সংখ্যা হ্রাসের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন।

বার্তা সংস্থা এএফপি জানায়, শাটডাউনের কারণে ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর মধ্যে আটলান্টা, নিউইয়র্ক, ডেনভার, শিকাগো, হিউস্টন ও লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরও রয়েছে।

রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে স্বাস্থ্য বিমার ভর্তুকি নিয়ে তীব্র বিরোধের জেরে গত ১ অক্টোবর থেকে সরকারি অর্থায়ন স্থগিত রয়েছে। প্রায় ছয় সপ্তাহের এই অচলাবস্থায় হাজার হাজার সরকারি কর্মী, বিশেষ করে বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মীরা বেতন ছাড়াই কাজ করছেন বা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার–এর তথ্যমতে, শুক্রবার একদিনেই যুক্তরাষ্ট্রে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ওয়াশিংটন ডিসির রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে যাত্রীদের গড় বিলম্ব ছিল চার ঘণ্টা, ফিনিক্সে ৯০ মিনিট, আর শিকাগো ও সান ফ্রান্সিসকোতে প্রায় এক ঘণ্টা।

আমেরিকান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী রবার্ট আইজম বলেন, “এটা বিরক্তিকর, আমাদের এই পরিস্থিতিতে থাকার দরকার ছিল না।”

এদিকে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এই অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে বলেন, “সরকার পুনরায় চালু করতে তাদের এখনই ভোট দেওয়া উচিত।”

ফ্লাইট হ্রাস কার্যক্রম ধীরে ধীরে বাড়ানো হচ্ছে—প্রথমে চার শতাংশ কমানো হলেও কংগ্রেসে তহবিল চুক্তি না হলে আগামী সপ্তাহে তা ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানা গেছে।