যুক্তরাষ্ট্র থেকে ফিরে নাটক ও সিনেমায় ব্যস্ত নীলা

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রে তিন মাসের সফর শেষে দেশে ফিরেই পরপর কয়েকটি নাটকের শুটিং করেছেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে তার অভিনীত দুটি নাটক—‘ফিটফাট বাবু’ ও ‘জামাই বউ অতি চালাক’ ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। ‘ফিটফাট বাবু’ পাঁচ দিনে দেখেছে ৩০ লাখেরও বেশি মানুষ, আর ‘জামাই বউ অতি চালাক’ মাত্র দুই সপ্তাহে পৌঁছে গেছে এক কোটি ভিউয়ের দোরগোড়ায়।

নাটকের সাফল্যের পেছনে নিজের অবস্থান পুনর্মূল্যায়ন এবং ট্রেন্ডি কনটেন্টে অংশগ্রহণকেই কারণ হিসেবে দেখছেন নীলা। তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকাকালীন নিজের কাজ নিয়ে নতুন করে ভাবেন এবং দেশে ফিরেই নির্মাতা তাইফুর রহমান আশিক ও সোহেল হাসানের আহ্বানে নাটক দুটি করেন, যেখানে সহশিল্পী ছিলেন মোশাররফ করিম।

নীলা বলেন, “মোশাররফ ভাই এক শতে এক শ—তিনি সত্যিই জিনিয়াস। ‘জামাই বউ অতি চালাক’ নাটকে আঞ্চলিক ভাষায় সংলাপ বলার সময় তিনিই সাহস জুগিয়েছেন।”

অভিনেত্রী বর্তমানে হাতে কম কাজ নিচ্ছেন, কারণ সামনে মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘সাইলেন্স’। ছবিটি নির্মাণ করেছেন সংগীত পরিচালক ইমন সাহা। এটি একটি মিউজিক্যাল ফিল্ম, যেখানে একজন সাধারণ গ্রামের মেয়ের দেশের সবচেয়ে জনপ্রিয় গায়িকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে এবং চলচ্চিত্র উৎসবগুলোতেও মুক্তি পাবে ‘সাইলেন্স’।

এছাড়া নীলা অভিনীত আরও দুটি ছবি ‘অন্তর্বর্তী’ ও ‘রুখসার’ রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘অন্তর্বর্তী’র কাজ শেষ, আর ‘রুখসার’-এর কিছু অংশের শুটিং বাকি।

ওটিটি প্ল্যাটফর্মে আপাতত নতুন কোনো কাজ নেই বলেও জানান তিনি। তবে প্ল্যাটফর্মটি চাঙ্গা হলে আবার যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।