রাজশাহীতে উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার বরখাস্ত ডিবি এসআই মাহবুব

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সংঘবদ্ধ গণপিটুনির শিকার হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান। শনিবার (২৩ আগস্ট) মধ্যরাতে নগরের হাজির মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, এসআই মাহবুব হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক বিরোধীদের হয়রানি, নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। শুধু বিএনপি ও জামায়াত নয়, ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন সাধারণ নাগরিকরাও।

স্থানীয়রা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মাহবুব হাসান দলীয় প্রভাবে পুলিশে নিয়োগ পান এবং পরে আরএমপির ডিবি বিভাগে কর্মরত হন। তার বিরুদ্ধে অসংখ্য বিএনপি, জামায়াত, ছাত্রদল ও শিবির কর্মীকে গ্রেপ্তার, নির্যাতন ও পঙ্গু করার অভিযোগ রয়েছে।

২০১৯ সালের ২৩ অক্টোবর নগরের শিমলাবাগান এলাকা থেকে রাজীব আলী রাতুল নামের এক যুবককে সাদা পোশাকে তুলে নিয়ে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন মাহবুব হাসান। টাকা না দিলে ‘ক্রসফায়ারের’ হুমকি দেন তিনি। ভয়ে রাজীবের বাবা টাকা প্রদান করলেও পরে ছেলেকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রাজীব দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর জামিন পান।

এক মাস পর নগরের রেলগেট এলাকায় মাহবুব হাসানের সঙ্গে দেখা হলে টাকা ফেরতের দাবি করলে, তিনি হুমকি দিয়ে বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছি, টাকা চাইলে মেরে ফেলব।”

এছাড়াও, ২০২৪ সালে রাজশাহীতে গণঅভ্যুত্থানে নিহত আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার অন্যতম আসামি এই এসআই মাহবুব হাসান।