রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক:

রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে। এ হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে শনিবার জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে। এর ফলে বেশ কিছু এলাকায় জরুরি বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে।” তবে কোন কোন এলাকায় এই হামলা হয়েছে, তা তিনি নির্দিষ্ট করেননি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনের প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসায় শুক্রবার সন্ধ্যায় জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে জানান, হামলায় একটি জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আসন্ন শীতকালে ইউক্রেন জুড়ে তাপবিভ্রাটের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাদের মতে, রাশিয়ার টানা হামলায় দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সরবরাহ লাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১১ সালের পর থেকে চলমান রুশ আগ্রাসনে ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি স্থাপনাগুলোর একটি বড় অংশই ধ্বংস হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনও সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা বাড়িয়েছে, যাতে মস্কোর জ্বালানি রপ্তানি ব্যাহত হয় এবং দেশজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হয়।