শহীদ হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে গোটা বাংলাদেশ। তিনি বলেন, হাদি আমাদের বুকের ভেতর আছে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন হাদিও মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, লাখো মানুষ আজ হাদির কথা শুনতে এসেছে। আমরা হাদিকে বিদায় দিতে আসিনি, বরং তার শেখানো আদর্শ ও মন্ত্র যেন দেশের মানুষ বুকে ধারণ করে, সেই প্রত্যয় নিয়েই এখানে এসেছি।

তিনি বলেন, “বলো বীর চির উন্নত মম শির”—হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে। এই মন্ত্র আমাদের অন্তরে থাকবে, আর এই মন্ত্রেই বাংলাদেশ উজ্জীবিত হবে।

এর আগে সকালে শহীদ ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে লাশ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ লাশ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। বেলা একটার দিকে ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।