শাবনূরের অপেক্ষায় নির্মাতা, ইউটিউবে প্রকাশ হচ্ছে ‘রঙ্গনা’র পর্ব

অনলাইন ডেস্ক:

বড় আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছিল শাবনূর অভিনীত চলচ্চিত্র ‘রঙ্গনা’-এর মহরত। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির উল্লেখযোগ্য অংশের শুটিংও সম্পন্ন হয়। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া পাড়ি জমান এই জনপ্রিয় অভিনেত্রী। পরিকল্পনা ছিল, বিদেশ সফর শেষে তিনি ফিরে এসে বাকি কাজ করবেন।

তবে শাবনূরের দেশে ফেরার অনিশ্চয়তায় ছবির নির্মাতারা নতুন সিদ্ধান্ত নিয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ জানায়, ছবির শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে ইউটিউবে প্রকাশ করা হবে।

ইতোমধ্যে ২০ মিনিটের একটি পর্ব প্রকাশিত হয়েছে, যা নির্মাণ করেছেন আরাফাত হোসেন এবং প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা।

মিথিলা বলেন, “শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে শুটিং শুরু করব। তখন গল্পেও কিছু পরিবর্তন আসবে। ফলে পুরনো দৃশ্যগুলো ব্যবহার করা সম্ভব নয়। তাই ভেবেছি, দর্শকদের অপেক্ষায় না রেখে যেটুকু তৈরি হয়েছে, সেটুকুই দেখুক তারা।”

প্রযোজনা সংস্থা মনে করছে, ইউটিউব প্রকাশের মাধ্যমে দর্শকরা অন্তত আংশিকভাবে হলেও ছবিটির কাজ উপভোগ করতে পারবেন। ‘রঙ্গনা’র ডিজিটাল মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে অনলাইনেও কৌতূহল তৈরি হয়েছে।