শুভ–ঐশীকে ঘিরে ফের গুঞ্জন

অনলাইন ডেস্ক:

ঢালিউডে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল—জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর মধ্যে নাকি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। যদিও সে সময় বিষয়টি তেমন দীর্ঘস্থায়ী হয়নি। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সংযত শুভ, কাজ ছাড়া যার খোঁজ মেলে না বললেই চলে। ফলে কথোপকথনের মাঝেই সেই জল্পনার পর্দা নেমে যায়। তবু নীরব কৌতূহলটা থেকে গিয়েছিল ভক্তদের মনে।

সেই কৌতূহলই যেন আবার চাগাড় দিল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে। প্রায় একই সময়ে একই ধরনের আবহে ছবি প্রকাশ করেন শুভ ও ঐশী। ছবিতে ঐশীকে দেখা যায় শিউলি ফুল আঁকা শাড়িতে শুভর বুকে মাথা রেখে ক্যামেরাবন্দি হতে—আলোর আবছায়ায় যেন ফুটে উঠেছে একটি অপ্রকাশিত গল্প।

রহস্য আরও বেড়ে যায় ক্যাপশনকে ঘিরে। শুভ তাঁর ছবির ক্যাপশন দেন—“তোরে এত ভালবাসি, আর বলব কতবার।” ঠিক একই সুরে প্রতিধ্বনি তোলে ঐশীর ক্যাপশন—“যদি হারাস একটিবার, মরে যাব শতবার।”
দুটি ছবি, দুটি বাক্য—তবু সুর যেন একটিই।

এতে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে পুরোনো প্রশ্ন—শুভ–ঐশীর সেই আলোচিত গুঞ্জন কি আবার ফিরে আসছে? নাকি এটি কেবলই কোনো শিল্পিত মুহূর্ত?

এদিকে নেটিজেনদের সংশয় বাড়িয়ে দিয়েছে আরও একটি খবর—রায়হান রাফীর দীর্ঘদিন আটকে থাকা তাদের সিনেমা ‘নূর’ দ্রুতই বায়োস্কোপ প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। তাই কেউ কেউ মনে করছেন, এটি হয়তো সিনেমার অঘোষিত প্রচারণার অংশ। তবে অন্য প্রান্তে দাঁড়িয়ে অনেকেই বলছেন—পর্দার বাইরে কি সত্যিই রয়েছে কোনো অনুচ্চারিত টান?
সময়ই বলে দেবে আসল রহস্য।