শেখ হাসিনা-আসাদুজ্জামান খানের রায় যুগান্তকারী পদক্ষেপ: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া আদালত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এক ব্রিফিংয়ে বলেছেন, “আজ বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রায় হয়েছে। এটি শুধুমাত্র একজন ব্যক্তির মামলার রায় নয়, জুলাই বিপ্লবে শহীদ হওয়া নিরীহদের ন্যায়বিচারের রায়।”

তিনি আরও বলেন, “ন্যায়বিচারের মানদণ্ড অনুযায়ী দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একজন আসামি, যিনি রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির ছিলেন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।”

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, “দেশ, জনগণ, গণতন্ত্র, সংবিধান এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিপূরণের স্বার্থে এই রায় একটি যুগান্তকারী রায়। এটি জনমনে প্রশান্তি এবং ন্যায়বিচারের বার্তা দেবে।”