নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে আবারও বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় সংসদ প্রাঙ্গণ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।
সকাল ১০টায় শপথের সময় নির্ধারিত থাকলেও, সকাল ৯টা থেকেই সংসদ ভবনের গেট দিয়ে নবনির্বাচিত এমপিদের গাড়িবহর প্রবেশ করতে দেখা গেছে। সংসদ ভবনের প্রবেশমুখে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে; নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে বিএনপির সংসদ সদস্যরা সবার আগে শপথ নেবেন। উল্লেখ্য, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে সরে দাঁড়ানোর ফলে গত তিনটি সংসদে বিএনপির উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না। আজ শপথের মধ্য দিয়ে সেই দীর্ঘ খরা কাটতে যাচ্ছে।
তবে আজকের দিনের সবচেয়ে বড় চমক থাকছে বিকেলে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশি-বিদেশি হাজারও অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সার্কভুক্ত দেশগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। অতিথিদের তালিকায় রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানসহ সার্কভুক্ত অন্যান্য ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা।
পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাব, বিজিবি ও কোস্টগার্ডসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।











